
ডেভিড সাহা :
আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আলোকচিত্রী সাংবাদিক মং হাই সিং মারমা
প্রান্তিক জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও বাস্তবতাকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ দুকের ইন্ডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট-২০২৬ অর্জন করেছেন বান্দরবানের আলোকচিত্রী সাংবাদিক মং হাই সিং মারমা। দৈনিক প্রথম আলো-এর এই আলোকচিত্রী সাংবাদিকের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পার্বত্য চট্টগ্রাম ও দেশের আদিবাসী জনগোষ্ঠীর গল্প বিশ্বমঞ্চে তুলে ধরার এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
গ্র্যান্টের আওতায় তিনি নিজস্ব আলোকচিত্র প্রকল্প বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা, এক বছরব্যাপী অভিজ্ঞ আলোকচিত্রীদের মেন্টরশিপ ও প্রশিক্ষণের সুযোগ এবং বাংলাদেশ প্রেস ফটো ২০২৭ প্রদর্শনীতে আলোকচিত্র প্রদর্শনের সুযোগ পাবেন।
নির্বাচিত হওয়ার পর মং হাই সিং মারমা বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করেছে। এই অর্জন শুধু আমার নয়, আমার পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রেরণার ফল। সামনে আরও নিষ্ঠা, সততা ও ভালোবাসা নিয়ে আলোকচিত্র সাংবাদিকতার পথে এগিয়ে যেতে চাই।”

