
মোঃ শফিকুল আলম শাকিল
গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ৮৮ বস্তা অবৈধ জিরানী জব্দ করা হয়েছে, যার মোট ওজন ২,২০০ কেজি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আতিক ও শাহজালাল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই সফল অভিযানে অবৈধ জিরানীগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে—অসাধু এই চক্রটি মূলত এসব জিরানী আসল জিরার সাথে সুকৌশলে মিশিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করেছিল।
তদন্তে আরও জানা গেছে, এই ভেজাল চক্রের মূল হোতা হিসেবে বগুড়ার শাহিনের নাম পাওয়া গেছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে এবং গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আতিক ও শাহজালালের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এবং ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

