
নিজস্ব প্রতিবেদক :
ভাইভা পরীক্ষার মধ্য দিয়ে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের ২০২০–২১ শিক্ষাবর্ষের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো. নুরু আলম, সহকারী অধ্যাপক নায়লা ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ এবং বহিঃপরীক্ষক (এক্সটার্নাল) হিসেবে গাজীপুরের রোভার পল্লী কলেজের সহযোগী অধ্যাপক ড. আজিজুল রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মাহফুজুর রহমান।
বিদায়ের মুহূর্তে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। দীর্ঘ শিক্ষাজীবনের স্মৃতি, ভালোবাসা ও আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। প্রিয় শিক্ষক, সহপাঠী ও ক্যাম্পাসকে বিদায় জানান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

