
জুলফিকার আলী জুয়েলঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা টপস্টার এলাকায় চাঁদার দাবিতে ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী মোসা. বিউটি আক্তার।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় একটি বাড়ি বন্ধক নিয়ে ভাড়া দিয়ে আসছেন। অভিযোগ অনুযায়ী, স্থানীয় সাগর নামে এক ব্যক্তি, যিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছেন। অভিযোগে আরও বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি বিভিন্ন সময় মারধর ও হুমকি দিয়ে থাকেন।
ভুক্তভোগীর অভিযোগ, বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে ভাড়াটিয়াকে কেন্দ্র করে সাগর ও তার সহযোগীরা তার স্বামী মো. শফিকুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তার চিৎকার শুনে স্ত্রী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

