
আল আমিন খান সানি
বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে মঙ্গলবার ২৮ জুলাই ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়| শিক্ষাপ্রতিষ্ঠান দুটি হলো— চিরাম ইউনিয়নের তাহেরা মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয় এবং নৈহাটী বালাম কোনাপাড়া দাখিল মাদরাসা| এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, চিরাম তাহেরা মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন| ক্যাম্পেইন চলাকালে বক্তারা শিক্ষার্থীদের মাদকের কুফল, সমাজে এর ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন| তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

