
মোঃ জাহিদ হোসেন জিমু
একের পর এক সফল অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলায় রীতিমতো চমক দেখাচ্ছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অপরাধ দমনে তাদের সাম্প্রতিক ধারাবাহিক এসব অভিযান জেলাজুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।
জানা গেছে, সম্প্রতি গাইবান্ধা ডিবি পুলিশ অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ মোবাইল চুরি সিন্ডিকেটের সদস্যদের আটক করতে সক্ষম হয়। এই সফলতার রেশ কাটতে না কাটতেই এবার তারা হানা দিয়েছে অনলাইন জুয়ার জগতে। অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে জেলার আলোচিত ক্যাসিনো হোতা আরিফুল ইসলাম ও তার বেশ কয়েকজন সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ। পরপর দুটি বড় অপরাধী চক্রকে আইনের আওতায় আনায় ডিবি পুলিশের দক্ষতা ও তৎপরতা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় মোবাইল চুরি এবং অনলাইনে জুয়ার আসর বসিয়ে উঠতি বয়সের যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল। ডিবি পুলিশের এই সাহসী ও সময়োপযোগী পদক্ষেপে অপরাধীদের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।
অপরাধ দমনে জেলা ডিবি পুলিশের এই ধারাবাহিক অভিযান জনমনে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে। সাধারণ মানুষ মনে করছেন, ডিবি পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকলে জেলায় মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ অন্যান্য সব ধরনের অপরাধ অনেকাংশেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কার্যকরী ও কঠোর ভূমিকা আগামীতেও চলমান থাকবে—এমনটাই প্রত্যাশা করছেন গাইবান্ধার সর্বস্তরের সাধারণ মানুষ।

