
তানজিনা
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান প্রশিক্ষণ ও মহড়া পর্যবেক্ষণ করেন, সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও চা পান করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এবং সরকারি সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের প্রস্তুতি ও পেশাদারিত্ব সম্পর্কে খোঁজখবর নেন।
প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। তাঁর সার্বিক তত্ত্বাবধানে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এ প্রশিক্ষণের লক্ষ্য সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি, সমন্বয় এবং পেশাগত দক্ষতা আরও উন্নত করা।
সরকারি সূত্রের মতে, নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনীর প্রস্তুতি, শৃঙ্খলা এবং পেশাদার সক্ষমতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীও সফরকালে প্রশিক্ষণন কার্যক্রম পর্যবেক্ষণ করে অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে সময় কাটান।

