
তাওহীদুল ইসলাম,
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বাউফলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশে ভবিষ্যতে কোনো নতুন ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটলে তার বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি মহান আল্লাহর সাহায্য ছিল বলে অনেকের বিশ্বাস। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে তৎকালীন সরকারের পতন ঘটে এবং জনগণের বিজয় প্রতিষ্ঠিত হয়।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের আওতায় এনে বিচার করা উচিত। তার দাবি, জুলাই আন্দোলনের পূর্ণ সফলতা নিশ্চিত করতে অভিযোগের বিচার সম্পন্ন হওয়া প্রয়োজন।
ড. মাসুদ আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও তার অনুসারীদের কেউ কেউ এখনো ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করছে বলে তাদের অভিযোগ। একই সঙ্গে তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের যোদ্ধাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হলে তা মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, “জুলাই কোনো এক বছরের ঘটনা নয়। ২০২৬, ২০২৭ কিংবা ২০২৮—যে সময়েই নতুন কোনো ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দেবে, তার বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে। নতুন প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা শিবিরের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম নূর, সাবেক জেলা শিবির সভাপতি মাহফুজ হোসাইন, বাউফল উপজেলা শিবির সভাপতি আরিফ হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান মিয়া, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।

