
আল মুজাহিদ-যশোর
যশোর জেলার কেশবপুর থানার ইতিহাসে প্রথম নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রোকসানা খাতুন। দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এর আগে তিনি যশোর আদালতে কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার কারণে পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তিনি প্রশংসিত হন।
রোকসানা খাতুন খুলনা বিভাগের প্রথম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে নড়াইল জেলার নড়াগাতি থানার প্রথম নারী ওসি হিসেবেও দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। তার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম প্রশংসিত হয়েছিল।
নতুন দায়িত্ব গ্রহণ করায় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিকসহ বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
এ বিষয়ে রোকসানা খাতুন বলেন, “আজকে দায়িত্ব গ্রহণ করছি। ইনশাল্লাহ পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখব।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, রোকসানা খাতুন ২০০৩ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

