
মিরপুর ১৩ নম্বর ওয়াসার বিরুদ্ধে গুরুতর অভিযোগ
দেড় মাস ধরে পানির পাম্প বিকল, চরম ভোগান্তিতে প্রায় ২০ হাজার মানুষ
রাজধানীর মিরপুর ১৩ নম্বর বাগানবাড়ি এলাকায় দীর্ঘ প্রায় দেড় মাস ধরে পানির পাম্প বিকল থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, নতুন পাম্প বসানোর কাজ শেষ হলেও এখনো মেইন লাইনের সঙ্গে সংযোগ দেয়নি ওয়াসা কর্তৃপক্ষ। ফলে প্রতিদিন পানির জন্য অসহনীয় কষ্ট করতে হচ্ছে হাজারো পরিবারকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান তিন দিন আগেই নতুন পাম্প স্থাপনের কাজ সম্পন্ন করেছে। তবে এখন পর্যন্ত ওয়াসা থেকে পানির লাইনের সংযোগ না দেওয়ায় কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। এদিকে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের মালামাল সরিয়ে নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ সুনির্দিষ্টভাবে জানাতে পারছেন না কবে সংযোগ দেওয়া হবে। এতে করে মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
ভুক্তভোগীরা জানান, পানির অভাবে দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। রান্না, গোসল, নামাজ, শিশু ও বৃদ্ধদের প্রয়োজনীয় কাজসহ সবকিছুতেই চরম সংকট দেখা দিয়েছে। প্রায় ২০ হাজার মানুষ বর্তমানে এই দুর্ভোগের শিকার বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, “নতুন পাম্প বসানোর কাজ শেষ হওয়ার পরও যদি পানি সরবরাহ চালু না হয়, তাহলে এতদিনের ভোগান্তির দায় কে নেবে? ওয়াসার অবহেলা ও সমন্বয়হীনতার কারণেই মানুষ কষ্ট পাচ্ছে।”
তারা আরও বলেন, “অন্তত দিনে চার থেকে পাঁচ ঘণ্টা পানি সরবরাহ চালু করে মানুষের কষ্ট লাঘব করা হোক। পরে বাহিরের আনুষঙ্গিক কাজ শেষ করলেও চলবে।”
এ বিষয়ে বাগানবাড়ি এলাকার বাসিন্দারা দ্রুত মেইন লাইনের সঙ্গে সংযোগ দিয়ে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ওয়াসা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের প্রশ্ন, জনদুর্ভোগের এমন পরিস্থিতিতেও কেন উদাসীন মিরপুর ১৩ নম্বর ওয়াসা কর্তৃপক্ষ? তাদের কর্মকাণ্ড এখন জনমনে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে।

