
ঝিনাইদহে মেশিনের ধান ঝাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২জন হতাহত
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
০৬.০৫.২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (২৫) নামে ১ (এক) যুবক নিহত হয়েছেন। তিনি বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
এসময় আহত হয়েছেন একই গ্রামের রফিকুল ইসলাম বাবু। বুধবার সকাল ৯ (নয়) টার দিকে উপজেলা ষাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা বলছেন, সকালে ষাটবাড়িয়া গ্রামের গোলাম রহমানের বাড়িতে বৈদ্যুতিক মেশিনে ধান ঝাড়ছিলেন। এসময় অসাবধানতায় শামীম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন।
পাশে থাকা রফিকুল ইসলাম উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিমন ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শামীম হোসেন মারা গিয়েছিলেন। আহত রফিকুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

