
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
৩০.০৪.২০২৬
ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় বিভিন্ন সড়কে এখন ওভার লোড বালুবাহী ড্রাম ট্রাকের দাপটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ওজন বহন কারী এসব যানবাহনে চলাচলের পাকা রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে। যার ফলে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে গেছে।
বিশেষ করে শৈলকুপা-হাটগোপাল সড়কের ১১ নম্বর আবাইপুর ইউনিয়নের কুমিড়াদহ এলাকার পাকা রাস্তা বর্তমানে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়ম-নীতি উপেক্ষা করে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এবং মাটিখেকো একটি অসাধু চক্রের যোগসাজশে এসব ড্রাম ট্রাক দিনের পর দিন অবাধে চলাচল করছে এবং অনিয়মকেই নিয়মে পরিণত করেছে।
এলাকাবাসী জানান, বালিবাহী ট্রাকগুলো পাকা রাস্তার ওপর মাটি ফেলে সড়কের অবস্থা করুণ করে তুলেছে। তার ওপর সামান্য বৃষ্টিতেই রাস্তা পিচ্ছিল হয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। ইতোমধ্যে কয়েকটি দুর্ঘটনার খবর শোনা গেছে বলে দাবি করেন তারা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পার্শ্ববর্তী কুমিড়াদহ এলাকার সাইফুল ইসলামের রাতুল ইটভাটার গাড়িগুলো রাতভর মাটি পরিবহন করে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। ইটভাটার আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে পাকা রাস্তার মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানান তারা। অনেক ক্ষেত্রে রাস্তা এতটাই পিচ্ছিল হয়ে পড়েছে যে, যানবাহন স্লিপ করে নিচে নেমে যাচ্ছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
এদিকে, পরিস্থিতির অবনতি দেখে অনেক সাধারণ মানুষকে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার করতেও দেখা গেছে। তবে এতে স্থায়ী সমাধান আসছে না বলে জানান তারা।
এলাকাবাসী দ্রুত শৈলকূপা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তাদের দাবি, ওভারলোড যানবাহন এবং মাটি খেকো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

