
রাতের আঁধারে সরকারি বনায়নের গাছ চুরি, এলাকাবাসীর উদ্বেগ
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাতের অন্ধকারে সড়কের পাশের সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এতে বনায়ন উজাড় হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে উপজেলার সিঙ্গারবিল থেকে হরষপুর সড়কের চতুরপুর চৌধুরী বাড়ি জামে মসজিদ থেকে রুপা জামে মসজিদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশে সামাজিক বনায়ন করা হয়। দীর্ঘ সময় ধরে বেড়ে ওঠা এসব গাছ একদিকে যেমন সড়কের সৌন্দর্য বৃদ্ধি করেছে, অন্যদিকে বর্ষা মৌসুমে মাটি ধরে রেখে সড়ককে ভাঙনের হাত থেকে রক্ষা করে আসছিল।
এলাকাবাসীর অভিযোগ, গত কয়েকদিন ধরে রাতের আঁধারে প্রভাবশালী চক্র বা অজ্ঞাত চোরেরা একের পর এক গাছ কেটে নিয়ে যাচ্ছে। এভাবে গাছ চুরি হতে থাকলে কয়েক বছরের পরিশ্রমে গড়ে ওঠা এই বনায়ন অচিরেই বিলুপ্ত হয়ে যাবে বলে তারা আশঙ্কা করছেন।
এ বিষয়ে সামাজিক বনায়ন প্রকল্পের সভাপতি মোঃ আশরাফুল হক চৌধুরী লিংকন বলেন, “গাছগুলো আমাদের পরিবেশ ও সড়কের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যেভাবে গাছ চুরি হচ্ছে, তাতে আমরা অসহায় বোধ করছি।
প্রশাসনের কঠোর নজরদারি ও সহযোগিতা না পেলে এই সামাজিক বনটি রক্ষা করা সম্ভব হবে না।” তিনি এই সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
তবে গাছ চুরির বিষয়ে জানতে চাইলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, সামাজিক বনায়নের গাছ চুরির বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা তথ্য আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশ রক্ষায় ও সরকারি এই সম্পদ রক্ষায় স্থানীয়রা দ্রুত বন বিভাগ ও প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

