
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ও উপজেলা বিএনপি নেতা আব্দুল আউয়ালকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল আউয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-৯ ও র্যাব-১-এর একটি যৌথ দল রাজধানীর শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯-এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বীন ইসলাম হত্যা মামলার এক নম্বর আসামি হিসেবে তাকে আইনের আওতায় আনা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট: উল্লেখ্য, গত ২৪ মার্চ দুপুরে কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলামকে (৩৫) তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকায় মাদক পাচার ও কারবার নিয়ে একাধিক সচেতনতামূলক ভিডিও প্রচার করার কারণে ক্ষুব্ধ হয়ে আসামিরা এই হত্যাকাণ্ড ঘটায়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
পুলিশ জানায়, এই মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

