
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মাটি ও মানুষের নেতা এবং স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান শুক্রবার (২৪ এপ্রিল) একটি সংক্ষিপ্ত পথসভা শেষে দারুল উলুম জালশুকা মাদ্রাসা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, বর্তমান অবকাঠামোগত অবস্থা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি মাদ্রাসার শ্রেণিকক্ষ ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে তিনি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তাঁর সামনে তুলে ধরলে তিনি তা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন।
মাননীয় সংসদ সদস্য মাদ্রাসার উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন:
”ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগোপযোগী আধুনিক শিক্ষার প্রসার ঘটিয়ে একটি দক্ষ ও নৈতিক মানবসম্পদ গড়ে তোলা বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য থাকবে শিক্ষার্থীরা যেন নৈতিকভাবে সমৃদ্ধ হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে পারে।”
এসময় সংসদ সদস্যের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ সদস্যের এই পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।

