
জহুরুল ইসলাম জপি
শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা পরিষদ কর্তৃক জেলার পাঁচজন ক্ষুদে ক্রীড়াবিদকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেল ৩:৩০ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
আর্থিক সহযোগিতা প্রাপ্ত ক্ষুদে ক্রীড়াবিদরা হলেন মো: মমিন (১২) মো: জুন্নুন (১০), মো: জুনাইদ হোসেন (১২), মো: আলিফ হাসান (১২) এবং মো: আরব (১২)। তারা সবাই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কর্তৃক দেশব্যাপী পরিচালিত জাতীয় মেধা অন্বেষণ (ট্যালেন্ট হান্ট) কার্যক্রমের মাধ্যমে শত শত প্রতিযোগীর মধ্য থেকে সাঁতার বিষয়ে এক মাসের বিশেষ প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছে এবং বিকেএসপিতে ভর্তির সুযোগ লাভ করেছে।
জেলা পরিষদ, শেরপুরের মান্যবর প্রশাসক জনাব এবিএম মামুনুর রশিদ পলাশ মহোদয় প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপঙ্কর রায়সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে ক্ষুদে ক্রীড়াবিদদের হাতে আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
এ সময় প্রশাসক জনাব এবিএম মামুনুর রশিদ বলেন, এই ছোট্ট সাঁতারুরা ভবিষ্যতে বিশ্ব অঙ্গনে শেরপুর তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে শেরপুরের মুখ উজ্জ্বল করবে বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি।
এ সময় উপস্থিত ছিলেন তাদের কোচ জনাব সারোয়ার জাহান পপলিন
প্রতিভাবান ও অসহায় এই ক্ষুদে ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর জন্য তিনি জেলা পরিষদ পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

