
মাসুম বিল্লাহ-খুলনা :
পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের ঘুষ, তদবির বা দালালচক্রের প্রভাব বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)। আজ বুধবার ডিআইজি কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও মেধাভিত্তিক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।
ডিআইজি স্পষ্ট করে বলেন, “পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। জমিজমা বিক্রি করে বা ধার করে কোনো দালালের হাতে টাকা তুলে দেবেন না।” তিনি জানান, নিয়োগ ঘিরে দালালদের তৎপরতা ঠেকাতে পুলিশের নিজস্ব গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে প্রতারণার অভিযোগে কয়েকজন দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিয়োগ পরবর্তী স্বচ্ছতা নিয়েও বার্তা দেন ডিআইজি। তিনি সতর্ক করে বলেন, যদি কেউ অর্থের বিনিময়ে চাকরি নেওয়ার চেষ্টা করেন এবং নিয়োগের তিন বছরের মধ্যেও তা প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তির চাকরি বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম প্রার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, যোগ্যতা থাকলে এতিম ও অসহায় প্রার্থীরাই অগ্রাধিকার পাবেন। তাদের জন্য কোনো বিশেষ তদবিরের প্রয়োজন নেই, কেবল মেধাই হবে সাফল্যের মাপকাঠি।
এবারের নিয়োগে তীব্র প্রতিযোগিতার চিত্র তুলে ধরে জানানো হয় যে, খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৪ হাজার ৬৬৫ জন প্রার্থী আবেদন করেছেন। ডিআইজি আরও উল্লেখ করেন যে, কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ করা হবে।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে ডিআইজি বলেন, “আপনারা সাধারণ মানুষকে সচেতন করুন যে পুলিশে চাকরিতে কোনো টাকা লাগে না। কোথাও অনিয়মের তথ্য পেলে দ্রুত আমাদের জানান, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।”
সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
