
মোল্লাহাটে খালের পাড়ের সরকারি মাটি কেটে বিক্রির অভিযোগ
আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সরকারি খালের পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে রফিক মোল্লা (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযুক্ত রফিক মোল্লা উপজেলার কাহালপুর গ্রামের বাসিন্দা। তিনি আদম মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোল্লারকুল বাজারের বিপরীতে অবস্থিত মোল্লারকুল খালের পাড় থেকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে ট্রলার টেম্পু যোগে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সেখানে দেখা যায়, ভেকু দিয়ে খালের পাড় কেটে মাটি তোলা হচ্ছে এবং তা টেম্পুতে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে খালের পাড় থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে খালের পাড় ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশেরও ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত এ অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত রফিক মোল্লা বলেন, “খালের পাশে আমার চাচাতো ভাইয়ের জমি রয়েছে। সেখানে আবাদ করা যাচ্ছিল না। তাই তাকে সহায়তা করার জন্য মাটি কাটছি। টেম্পু প্রতি এক হাজার টাকা করে নেওয়া হলেও এর মধ্যে গাড়ি ভাড়া ৪০০ টাকা এবং ভেকুর তেলসহ অন্যান্য খরচ প্রায় ১০০ টাকা পড়ে।” অপর প্রশ্নের জবাবে রফিক মোল্লা বলেন, সরকারি অনুমোদন না নাই, হাফিজ ভাই ও হারুন ভাইয়ের অনুমতি নিয়ে কাটছি।
এ বিষয়ে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু বলেন, “বিষয়টি সম্পর্কে জেনেছি। ঘটনাস্থলে লোক পাঠিয়ে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল বলছে, খালের পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে ভাঙন, পরিবেশগত ক্ষতি এবং জনদুর্ভোগের আশঙ্কা বাড়ছে। তাই দ্রুত এ কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

