
ইউপিএসের উদ্যোগে উত্তরায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হৃদয় খান – উত্তরা প্রতিনিধি –
পবিত্র রমজান মাস উপলক্ষে ইউপিএসের উদ্যোগে রাজধানীর উত্তরার একটি বিলাসবহুল রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম রেজা হাবিব এমপি, ড. ব্যারিস্টার নজিবুর রহমান মমিন এমপি, অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি এবং মোহাম্মদ আলী আজগর এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এমপি বলেন, রমজান মাস আমাদের ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ইফতার মাহফিল শুধু খাবার ভাগাভাগির অনুষ্ঠান নয়, এটি মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
ইফতার ও দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

