
নিজস্ব প্রতিনিধি :
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা) আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র তুলেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)। আজ শুক্রবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান প্রমুখ রেজাউল করিমের সঙ্গে ছিলেন।
রেজাউল করিম বলেন, ‘বগুড়া-৬ জিয়া পরিবারের আসন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে উপনির্বাচনের দলীয় মনোনয়নের চিঠি গতকাল বৃহস্পতিবার আমার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়াবাসী স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী হিসেবে সরকারে পাঠিয়েছেন। তেমনি আগামী উপনির্বাচনেও এ আসনে আমাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তাঁদের ভালোবাসা অক্ষুণ্ন রাখবেন বলেই আমি বিশ্বাস করি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ এই দুটি আসনে বিজয়ী হন। এর মধ্যে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯১ থেকে বিএনপি বগুড়া-৬ আসনে জয় পেয়েছে। এর মধ্যে ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া বিপুল ভোটে জয়ী হন। ২০১৮ সালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে বিপুল ভোটে জয়লাভ করেন।
সূত্র : প্রথম আলো…

