
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনি অফিসে ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরের ভূষণ রোডস্থ নির্বাচনি কার্যালয়ে এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে একদল যুবক অতর্কিতভাবে অফিসে হামলা চালিয়ে তিনটি মোটরসাইকেল, কিছু চেয়ার ও টেবিলের গ্লাস ভাঙচুর করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এ সময় সেখানে বোমা সদৃশ একটি কৌটা পড়ে থাকতে দেখা যায়।
একই সময়ে শহরের বৈশাখী তেলপাম্প এলাকা ও পৌর শহরের হেলাই গ্রামে তার নির্বাচনি অফিসেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
সংবাদ পেয়ে ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনো পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ সংবাদ লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তিনি রাত ৯টায় শহরের নীমতলা বাসস্ট্যান্ডে প্রধান নির্বাচনি কার্যালয়ে নেতাকর্মীদের ডেকেছেন; সেখানে হয়তো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বক্তব্য দেবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক সাংবাদিকদের জানান, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

