
মাহফুজ আহাম্মেদ মুন্না :
কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষীর রক্ষক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কারা সদস্যরা জনগণের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। জনগণের কল্যাণই তাদের একমাত্র দায়িত্ব ও ব্রত। তারা কারও ব্যক্তিগত কর্মচারী নয়, সরকারের কর্মচারী হিসেবেই জনস্বার্থে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি প্রশিক্ষণ সম্পন্নকারী সকল নারী কারারক্ষীর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন ভন্ডুল বা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যারা এ ধরনের কথা বলছে, তাদের সাহস থাকলে দেশে এসে আইনের আশ্রয় নিয়ে কথা বলতো। তিনি বলেন, যাদের দেশে সমর্থক ও সন্ত্রাসী ছিল, তারা এখন বিভিন্ন দেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। এসব ফ্যাসিস্ট ও জঙ্গিদের ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে বাংলাদেশ সরকার অনুরোধ জানাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া গাজীপুরের পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে নবীন প্রশিক্ষণার্থীদের সালাম গ্রহণের মাধ্যমে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু করেন। এ সময় নারী কারারক্ষীরা সুসজ্জিত কুচকাওয়াজ, শারীরিক কসরত ও অস্ত্রবিহীন আত্মরক্ষা কৌশলের প্রদর্শনী করেন। কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

