
মোঃ শিহাব উদ্দিন :
১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন–এর নির্বাচনী প্রচারণায় জনতার ঢল নামে। প্রচারণা পরিণত হয় এক বিশাল গণসমাবেশে, যেখানে লক্ষাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিনের প্রচারণায় বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। হাজার হাজার মানুষের ভিড়ে শফিকুল ইসলাম খান মিল্টন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে জননেতা তাবিদ আউয়াল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক তেনজিন, কাফরুল থানা বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা। পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ ও স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকা-১৫ আসন।
জনসমুদ্রে বক্তব্য রাখতে গিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “ধানের শীষ মানেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আগামী ১২ তারিখে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে ঢাকা-১৫ আসনের দীর্ঘদিনের অবহেলিত সমস্যা—যানজট, ড্রেনেজ, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ নাগরিক সুবিধার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি অভিযোগ করে বলেন, “কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের মাধ্যমে ভোট আদায়ের চেষ্টা করছে। ইতোমধ্যে জামায়াতে ইসলামের নারী সদস্যদের দ্বারা বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহের ঘটনা ঘটেছে, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এসব বিষয় নির্বাচন কমিশনকে অবশ্যই খতিয়ে দেখতে হবে।”
শেষে তিনি ঢাকা-১৫ আসনের জনগণকে আগামী ১২ তারিখে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার অনুরোধ করেন।

