
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার প্রথম দিনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে পাঁচটি গুরুত্বপূর্ণ জনসম্পৃক্ত কর্মসূচি উপস্থাপন করেছে।
আজ এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। এসময় উপস্থিত সাংবাদিক ভাই-বোনদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের মতামত ও পরামর্শকে রাষ্ট্র পরিচালনার নীতিনির্ধারণের কেন্দ্রে রাখতে চান।
১. ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ কর্মসূচি
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশব্যাপী জনগণের মতামত সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকেই সারাদেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি বিশেষ QR কোড প্রচার করা হবে।
এই QR কোড স্ক্যান করে যে কোনো নাগরিক সরাসরি তার চিন্তা, মতামত ও পরামর্শ পাঠাতে পারবেন। অঞ্চল, সময় কিংবা পরিচয়ের কোনো সীমাবদ্ধতা ছাড়াই দেশের ভবিষ্যৎ রাষ্ট্রগঠনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
২. ‘লেটার টু তারেক রহমান’
“তারেক রহমান শুনবেন আপনার কথা”—এই প্রত্যয়ে চালু করা হয়েছে ‘লেটার টু তারেক রহমান’ উদ্যোগ।
নাগরিকরা চিঠি, ই-মেইল অথবা অনলাইনের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের ভাবনা ও প্রত্যাশা জানাতে পারবেন।
চিঠি পাঠানোর ঠিকানা: হাউজ-১০সি, রোড-৯০, গুলশান-২
ই-মেইল: mail@letter2tr.com
এছাড়া facebook.com/LetterToTariqueRahman ও letter2tr.com ওয়েবসাইটের মাধ্যমেও মতামত পাঠানো যাবে।
৩. ‘Match My Policy’
পলিসিভিত্তিক রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে চালু করা হয়েছে ‘Match My Policy’ নামের একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ।
সহজ ও আধুনিক এই অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে সারাদেশ থেকে তিন লক্ষাধিক মানুষ বিএনপির নীতি ও পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত দিয়েছেন। তরুণ প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতেই এই উদ্যোগ।
৪. ‘দ্য প্ল্যান : ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরে গিয়ে স্থানীয় তরুণ সমাজের সঙ্গে মতবিনিময় করেন।
এই অনুষ্ঠানে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৭ জন শিক্ষার্থী অংশ নেন। কর্মসংস্থান, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, তথ্যপ্রযুক্তি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
৫. ‘বিএনপির আটটি লিফলেট’
বিএনপির বিভিন্ন সেক্টরভিত্তিক পলিসি ও তারেক রহমানের ভিশন নিয়ে প্রণীত আটটি লিফলেট সম্প্রতি কূটনৈতিক মহলে ব্যাপক আলোচিত হয়েছে।
একটি অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা এসব লিফলেট পর্যালোচনা করেন। বক্তারা বলেন, বিএনপি ২০১৬ সালের ভিশন-২০৩০ থেকে শুরু করে রাষ্ট্র কাঠামো সংস্কারের ২৭ দফা ও পরবর্তীতে ৩১ দফার মাধ্যমে একটি সুসংগঠিত রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরেছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিএনপি আন্দোলন ও নীতিনির্ভর রাজনীতির সমন্বয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই বিএনপি আগামীর বাংলাদেশ গড়তে চায়।
তাদের প্রত্যাশা, দেশের মানুষ আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে—ইনশাআল্লাহ।

