
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনার রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের পালের বাজার সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশাল দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ইট-ভাটা শ্রমিক ইউনিয়ন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
প্রধান অতিথির বক্তৃতায় আজিজুল বারী হেলাল বলেন, “বেগম খালেদা জিয়া এদেশের নারী শিক্ষার অগ্রদূত। তিনি প্রথম নারী ও শিশু মন্ত্রণালয় চালু করেন এবং মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ ও অবদান এদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি আইচগাতির সন্তান, আপনাদেরই ঘরের লোক। ভোটের লড়াইয়ে অনেক দল থাকবে, মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু রূপসার উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক। আপনারা কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। কাউকে অসম্মান করবেন না।” তিনি আরও যোগ করেন, “বিএনপি সব ধর্মের মানুষের দল। দেশ গঠনে ভোকেশনাল ট্রেনিং সেন্টার বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা-৬ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। সভাপতির বক্তব্যে ও সঞ্চালনায় ছিলেন যথাক্রমে বাবু ও নাসির। পালের বাজারের কর্মসূচি শেষে আলাইপুর ৩নং ওয়ার্ডেও অনুরূপ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
জেলা বিএনপি নেতৃবৃন্দ: খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, মোস্তফা উল বারী লাভলু, মোল্যা এনামুল কবীর প্রমুখ।
উপজেলা ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ: রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদসহ মিকাইল বিশ্বাস, কবির শেখ, আসলাম লস্কর এবং তমিজ।
অন্যান্য ব্যক্তিবর্গ: সমাজসেবক শামীম আহম্মেদ জমাদ্দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, শরিফুল ইসলাম বকুল, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল এবং উপজেলা মহিলা দলের সভাপতি মর্জিনা বেগম ও সাধারণ সম্পাদক শিল্পী বেগম।
অনুষ্ঠানে কয়রা-পাইকগাছা ও রূপসার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

