
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের প্রধান সমন্বয়কসহ প্রায় তিন শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল চারটায় শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়।
নবাগতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শেরপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী ফুল দিয়ে নবাগতদের শুভেচ্ছা জানান।
যোগদান উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে ফারহান ফুয়াদ তুহিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখতেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
এ সময় সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

