
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে বাজার কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এই ঘটনায় দেবাশীষ নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
নিহত এমদাদুল হক মিলন শলুয়া বাজার এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে শলুয়া বাজারের একটি চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে এমদাদুল হক মিলন বাজারের একটি চায়ের দোকানে বসে আরও কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় দুইটি মোটরসাইকেলে করে চারজন সশস্ত্র সন্ত্রাসী দ্রুতগতিতে এসে দোকানটির সামনে থামে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা মিলনকে লক্ষ্য করে খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি চালায়। এসময় পাশে থাকা দেবাশীষও গুলিবিদ্ধ হন।
হামলার পর সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত দেবাশীষ বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান র্যাব-৬ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “শলুয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও র্যাব যৌথভাবে সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানানো হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

