
নিজস্ব প্রতিনিধি :
দীর্ঘ প্রায় আঠারো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার তিনি ঢাকার মাটিতে পা রাখবেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই সুসংবাদটি নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “আমাদের কোটি কোটি মানুষের প্রিয় নেতা, যিনি বিদেশে থেকেও এক যুগেরও বেশি সময় ধরে গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন—তিনি ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হচ্ছে।”
তারেক রহমানের দেশে ফেরার খবরে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। নতুন করে উদ্দীপনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় ১৭ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থানকারী এই নেতার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানকে বরণ করে নিতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত বিশাল শোডাউন এবং গণসংবর্ধনার ব্যাপক প্রস্তুতি চলছে। ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

