
নান্দাইল প্রতিনিধি :
ময়মনসিংহ ৯—নান্দাইল উপজেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সাথে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে বুধবার সকাল থেকে সংগঠনের সকল নেতা-কর্মীরা জমায়েত হয়ে মানবাধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইলের হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সম্মানিত সভাপতি সেলিম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। তাদের নেতৃত্বে সুবিন্যস্ত ও সুশৃঙ্খলভাবে পুরো আয়োজনটি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের সদস্য, স্থানীয় মানবাধিকারকর্মী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন,
“মানবাধিকার সুরক্ষা কোন বিশেষ শ্রেণির দায়িত্ব নয়; এটি প্রতিটি মানুষের মৌলিক দায়িত্ব। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি দেশের প্রতিটি জেলায় নিরলসভাবে সহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং ভবিষ্যতেও এই মানবসেবার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং প্রত্যেক নাগরিককে মানবতার কাজের জন্য উৎসাহিত করার আহ্বান জানানো হয়।
দিবসটি উপলক্ষে মানবাধিকারবিষয়ক আলোচনা, শপথ পাঠ এবং ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর অংশগ্রহণ।
মানবাধিকার রক্ষায় সারা দেশের মতো নান্দাইলেও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যক্রম প্রশংসিত হয়।

