
মো: মাসুম বিল্লাহ,প্রতিনিধি ,খুলনা।
উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। তার চিকিৎসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল টিমসহ সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে থাকবেন মোট ১৪ জন।
খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া।চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছে তার চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন।জানা গেছে, এই চিকিৎসক টিমের নেতৃত্বে ছিলেন ড. রিচার্ড বিউল নামের এক বিশেষজ্ঞ চিকিৎসক।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, তিনি আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ সফরের আগে তাঁর পুত্রবধূ জোবাইদা রহমানের ঢাকায় আসার কথা রয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সফরকালে বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা সিকদার।
মেডিকেল টিমে রয়েছেন-আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ, মো. জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন।
সফরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য হিসেবে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ। এ ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান সফরসঙ্গী হিসেবে থাকবেন।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশে নেওয়ার কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ সকলের দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি অরও জানান, সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পরে বা কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরই মধ্যে যোগাযোগও হয়েছে বলে জানান তিনি। এদিকে ঢাকাস্থ কাতার দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর আসাদুর রহমান জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে

