
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।”
এ ছাড়াও দেশের মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি অনুযায়ী বেগম জিয়ার সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।
অন্তর্বর্তী সরকার আরও জানায়, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দোয়া ও প্রার্থনায় অংশ নিতে অনুরোধ করা হচ্ছে।

