
ঢাকা-১৫ আসনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা: বিএনপি’র শফিকুল ইসলাম খান মিল্টন বনাম জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান
ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি হিসেবে বিবেচিত ঢাকা-১৫ আসন এবার জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ড. শফিকুর রহমান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনের নির্বাচন শুধু ঢাকা নয়, গোটা বাংলাদেশের জন্যই তাৎপর্যপূর্ণ। কারণ এখানে বিএনপি ও জামায়াত—দুই রাজনৈতিক ধারার জনসমর্থন মুখোমুখি হতে যাচ্ছে। এই প্রতিদ্বন্দ্বিতা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন এলাকায় দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করছেন। তিনি মসজিদ, মাদ্রাসা ও সাধারণ জনগণের অভাব-অভিযোগ শুনে তা সমাধানের চেষ্টা করে আসছেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের কর্মসংস্থানে উৎসাহ দেয়া এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখায় তার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, জামায়াতের আমির ড. শফিকুর রহমান একজন প্রবীণ ও অভিজ্ঞ নেতা হিসেবে নিজের দলীয় সমর্থনকে সক্রিয় রাখছেন। ইসলামী আন্দোলনের মূলধারায় তার অবস্থান দৃঢ়, এবং তিনি ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে এখনো যথেষ্ট প্রভাবশালী বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
ভোটের মাঠে ইতিমধ্যেই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। তবে স্থানীয়দের ধারণা, বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন কিছুটা এগিয়ে আছেন, তার দীর্ঘদিনের তৃণমূলসংযোগ, সেবামূলক ভূমিকা ও সংগঠনিক দক্ষতার কারণে।

