
নিজস্ব প্রতিবেদক :
“আমার ভোটাধিকার নিয়ে টালবাহানা চলবে না! ‘না’ মানে না!” — এমন জোরালো আহ্বান জানিয়ে আলোচনায় এসেছেন ঢাকা-১৫ আসনের কর্ণধার ও তরুণ রাজনীতিক শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ বহু ত্যাগের বিনিময়ে ভোটাধিকারের অধিকার অর্জন করেছে। সেই অধিকারকে কেড়ে নিতে কিংবা বিলম্বিত করতে দেওয়া হবে না। যারা নির্বাচনকে পিছিয়ে দিতে কিংবা ভোটকে প্রহসনে পরিণত করতে চায়, তারা গণতন্ত্রের শত্রু।”
শফিকুল ইসলাম খান মিল্টন আরও বলেন, “এদেশের মানুষ এখন জেগে উঠেছে। জনগণ জানে কারা ভোটের নামে নাটক সাজায় আর কারা সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাস করে। এবার আর কোনো টালবাহানা নয় — জনগণ ভোট দিতে চায়, আর আমরা জনগণের সেই অধিকারের পাশে আছি।”
তিনি সতর্ক করে বলেন, “নির্বাচনের নামে কোনো বিভ্রান্তি বা বিলম্বের চেষ্টা হলে ঢাকা-১৫ আসনের জনগণই এর জবাব দেবে।”
মিল্টনের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মন্তব্য করেছেন— “#না_মানে_না” এখন শুধু একটি স্লোগান নয়, এটা জনগণের অধিকার রক্ষার প্রতীক হয়ে উঠেছে।
শফিকুল ইসলাম খান মিল্টন দীর্ঘদিন ধরে গণমানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। এলাকার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষা খাতে তাঁর উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
তিনি জানান, আগামীর বাংলাদেশে তিনি এমন একটি রাজনীতি গড়তে চান যেখানে জনগণের ভোটই হবে পরিবর্তনের একমাত্র শক্তি।

