
হাইব্রিড নেতাদের দৌড়ে প্রকৃত নেতারা কোণঠাসা — বিএনপি নেতাকর্মীদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে পুনর্গঠনের পথে। দীর্ঘ দুঃসময় পেরিয়ে রাজপথে থেকে যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, মামলা-মোকদ্দমায় জর্জরিত থেকেও দলকে টিকিয়ে রেখেছেন — আজ সেই ত্যাগী নেতাকর্মীরা অনেক জায়গায় কোণঠাসা হয়ে পড়েছেন তথাকথিত “হাইব্রিড নেতা” দের কারণে।
রাজনৈতিক বিশ্লেষক ও মাঠপর্যায়ের নেতাদের মতে, এরা মূলত কোনো দলের আদর্শিক অনুসারী নয় — বরং সুযোগসন্ধানী, সুবিধাবাদী ও ক্ষমতার ঘনিষ্ঠতার মাধ্যমে সুবিধা নেওয়া একটি শ্রেণি। এদেরকে বলা হচ্ছে “হাইব্রিড নেতা”, যারা দুঃসময়ে বিএনপি থেকে দূরে থাকলেও আজ আবার নানা কৌশলে দলে প্রবেশের চেষ্টা চালাচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, অনেক থানায়, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে অচেনা-অপরিচিত ব্যক্তিদেরকে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। এর মধ্যে অনেকেই অতীতে ফ্যাসিস্ট সরকারের ছায়াতলে ছিল বা সরকারের সুবিধা ভোগ করেছে। এখন সেই ব্যক্তিরাই বিএনপির ব্যানারে সক্রিয় হয়ে দলের ভিত দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে।
একাধিক ত্যাগী নেতা অভিযোগ করে বলেন, “আমরা যখন রাজপথে পুলিশের গুলি, গ্রেফতার আর নির্যাতনের শিকার হয়েছি, তখন এরা ছিল না। কিন্তু এখন দলে সুবিধা পেতে মাঠে নেমে পড়েছে। এটা দলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।”
বিএনপির সিনিয়র নেতারা মনে করছেন, সংগঠনের পুনর্গঠন প্রক্রিয়ায় যারা কাজ করছেন তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ, দলের ভাইটাল (গুরুত্বপূর্ণ) পোস্টে কোনো হাইব্রিড নেতা উঠে এলে তা আন্দোলনের গতি থামিয়ে দিতে পারে। এসব নেতা যদি সত্যিকার অর্থে দলের নীতি ও আদর্শ মেনে চলতে চায়, তবে তাদের সদস্য পদে থাকতে সমস্যা নেই — কিন্তু নেতৃত্বের পর্যায়ে নয়।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব এর সভাপতি জানিয়েছেন, “আমাদের সংগঠন সারাদেশব্যাপী তথ্য সংগ্রহের কাজে নেমেছে। কোথায়, কোন পর্যায়ে হাইব্রিড নেতাদের প্রভাব বাড়ছে, তা দলীয় হাই কমান্ডের কাছে তুলে ধরা হবে। যেন সময় থাকতে পদক্ষেপ নেওয়া যায়।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনের আগে যারা অন্যায়, দুর্নীতি বা সুবিধাবাদী রাজনীতির সাথে যুক্ত, তাদেরকে চিহ্নিত করে কোণঠাসা করতে হবে। প্রকৃত ত্যাগী ও আদর্শিক নেতাকর্মীরাই বিএনপির শক্তি। তাদেরকেই সামনে আনতে হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি যদি দলে শৃঙ্খলা, ত্যাগ এবং নীতির ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে পারে, তবে আগামী দিনের রাজনীতি ও নির্বাচনে তারা একটি শক্ত অবস্থান নিতে পারবে।
—
#BNP #হাইব্রিড_নেতা #রাজনীতি #BangladeshPolitics #BCLPressClub #BNPLeadership #দলীয়সংগঠন

