
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ পেলেন তারেক
আকতারুজ্জামান তানোর, রাজশাহী :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনয়নের জন্য ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) রাতে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোন কল পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট তারেক নিজেই। তিনি জানান, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে সক্রিয়ভাবে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে তাকে।
অ্যাড. সুলতানুল ইসলাম তারেক বলেন,বুধবার রাত ১০টা ৩২ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাইয়ের ফোন পাই। তিনি দলের ঐক্য, শক্তি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেন এবং ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও জানান, কল পাওয়ার কিছুক্ষণ পরই দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। এরপর তানোর ও গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতাকর্মীরা তারেকের কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জনকল্যাণমূলক কাজ, মসজিদ-মন্দিরে দান ও অসহায় মানুষের পাশে থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। ইতিমধ্যে তিনি তানোর-গোদাগাড়ী এলাকায় মানবিক কর্মকাণ্ড ও দানশীলতার জন্য পরিচিত মুখে পরিণত হয়েছেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়ে তিনি জনগণের ভালোবাসা অর্জন করেছেন।
যদিও জেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন, এ বিষয়ে এখনো জেলা কমিটির কোনো আনুষ্ঠানিক নির্দেশনা তারা পাননি। তবে স্থানীয় বিএনপি ও তৃণমূল নেতাকর্মীদের মতে, দলের কেন্দ্রীয় ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া মানে তানোর-গোদাগাড়ী আসনে অ্যাড. তারেকের মাঠে নামা এখন সময়ের অপেক্ষা মাত্র।

