
বাংলাদেশ শিক্ষক সমিতি কাফরুল থানা কমিটির সৌজন্য সাক্ষাৎ
ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সঙ্গে মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি, ঢাকা॥
বাংলাদেশ শিক্ষক সমিতির নবগঠিত কাফরুল থানা কমিটির নেতৃবৃন্দ সম্প্রতি ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একজন শিক্ষানুরাগী ও সৎ নেতৃত্বের প্রয়োজন—যা মিল্টনের মধ্যে প্রতিফলিত হয়েছে।
প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন শিক্ষক সমাজের অবদান ও ত্যাগের প্রশংসা করে বলেন, “শিক্ষক সমাজই জাতির আলোকবর্তিকা। ন্যায়, আদর্শ ও শিক্ষার প্রসারে তাঁদের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি কাফরুল থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের ন্যায্য দাবি, এবং সমাজে নৈতিক মূল্যবোধ পুনঃস্থাপন নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষই ভবিষ্যতে শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে শফিকুল ইসলাম খান মিল্টনকে অভিনন্দন জানানো হয় এবং তাঁর সফলতা কামনা করা হয়।

