
রায়হান শেখ, বিশেষ প্রতিনিধি:
বাগেরহাট সদর, মোল্লাহাট ও চিতলমারী উপজেলা নিয়ে গঠিত নতুন বাগেরহাট-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বেড়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ গেজেট অনুযায়ী বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করা হয়েছে। নতুন বিন্যাসে প্রতিটি আসনের সঙ্গে নতুন একটি উপজেলা যুক্ত হওয়ায় বিপাকে পড়েছেন পুরনো প্রার্থীরা।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, বাগেরহাট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৬৫৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৩৯০ জন এবং মহিলা ২ লাখ ৪০ হাজার ২৬১ জন।
আসন্ন নির্বাচনে বিএনপি থেকে সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী, তাদের মধ্যে মাঠে সরব রয়েছেন সাবেক এমপি ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি এম. এ. এইচ. সেলিম, সাবেক সভাপতি এম. এ. সালাম, জেলা বিএনপি আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ. টি. এম. আকরাম হোসেন তালিম, সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ ওহিদুজ্জামান দিপু, ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেনএবং জেলা যুবদল আহ্বায়ক সুজন মোল্লা।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে জেলা যুব বিভাগের প্রধান শেখ মনজুরুল হক রাহাদ প্রচারণা চালাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা মুজিবুর রহমান শামীম এবং বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস. এম. শাহাদাত হোসেনও মাঠে সক্রিয় রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা না থাকায় এ আসনে মূল প্রতিযোগিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। ইতিমধ্যে সভা-সমাবেশ, উঠান বৈঠক, মোটরসাইকেল শোভাযাত্রা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা জোরদার করেছেন সম্ভাব্য প্রার্থীরা।
স্থানীয় ভোটাররা জানান, গত আগস্টের পর থেকে মাঠে সবচেয়ে বেশি সক্রিয় এম. এ. সালাম, তবে বীর মুক্তিযোদ্ধা এম. এ. এইচ. সেলিম তার দীর্ঘদিনের জনপ্রিয়তা ও ব্যক্তিগত ইমেজের কারণে এখনও শক্ত অবস্থানে রয়েছেন। অন্যদিকে ইঞ্জিনিয়ার এ. টি. এম. আকরাম হোসেন তালিম ‘ক্লিন ইমেজ’ রাজনীতিক হিসেবে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়াচ্ছেন। শেখ মুজিবুর রহমান ও এ্যাড: শেখ ওয়াহিদুজ্জামান দিপু প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছেন, উঠান বৈঠক, সভা-সমাবেশে ব্যস্ত সময় পার করছেন।
সব মিলিয়ে হযরত খানজাহান (র.)-এর পুণ্যভূমি দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ এ আসনে কে শেষ পর্যন্ত বিএনপি’র টিকিট পাবেন, তা নিয়ে জেলাজুড়ে চলছে জোর আলোচনা। ভোটারদের আগ্রহে ও প্রার্থীদের কর্মতৎপরতায় ইতিমধ্যে বাগেরহাট-১ আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে

