
আবু সুফিয়ান, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জে তরিকুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী এলাকার আব্দুল মান্নান ও হীরা মিয়া এবং সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ। তবে রায় ঘোষণার আগেই আসামি আব্দুল মজিদ মারা গেছেন।
মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ জানান, মামলায় মোট ১৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট তরিকুল ইসলামকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হলেও পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে রায়গঞ্জ থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১০ সালের ৬ জানুয়ারি তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর আদালতে দীর্ঘদিন মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কসহ বিচারিক কার্যক্রম চলে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বৃহস্পতিবার আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

