
ডেভিড সাহা,
বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হাম (মিজেলস) আক্রান্ত রোগীদের খোঁজখবর নিতে আজ হাসপাতাল পরিদর্শন করেছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন।
হাসপাতাল পরিদর্শনের সময় তারা চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় মানবিক সহায়তার অংশ হিসেবে রোগীদের মাঝে নগদ অর্থ, খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।
নেতৃদ্বয় বলেন, দুর্যোগ বা রোগব্যাধির সময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। হামে আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে তারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি বান্দরবান জেলায় হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগ চিকিৎসাসেবা জোরদার করার পাশাপাশি জনসাধারণকে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে।

