
মোঃ মোনাহার মিয়া
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবন করে পরিবারের সদস্যদের ওপর নিয়মিত নির্যাতন করার অভিযোগে অতিষ্ঠ হয়ে নিজের ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন এক বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নাহিদ মিয়া (২২) নামে ওই যুবককে এ দণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রবাজ গ্রামের গোলাম রাব্বানীর ছেলে নাহিদ মিয়া বেশ কিছুদিন ধরে মাদক সেবনে আসক্ত। মাদক সেবনের পর পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার ও মারধর করতেন তিনি। বৃহস্পতিবার সকালে মাদক সেবন করে বাবাকে হাতুড়ি দিয়ে মারধর করে আহত করার অভিযোগ ওঠে নাহিদের বিরুদ্ধে।
ছেলের এমন আচরণে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন বাবা গোলাম রাব্বানী। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ছেলেকে আইনের হাতে তুলে দেন তিনি।
গোলাম রাব্বানী বলেন, ‘মাদকের নেশায় পড়ে আমার ছেলে প্রতিনিয়ত আমাদের ওপর অত্যাচার করে। বৃহস্পতিবার সকালেও মাদক সেবন করে আমাকে মারধর করেছে। দিনের পর দিন এসব সহ্য করেছি। কিন্তু আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তাকে আইনের হাতে তুলে দিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাহিদ মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

