
আল মুজাহিদ
নির্বাচন-পরবর্তী সময়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় সমস্যা-সম্ভাবনার কথা জানতে ঝিকরগাছার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে তিনি উপজেলার গদখালি ও শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার, মোড় ও জনবহুল এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, উন্নয়ন-চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগ চলাকালে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকা এবং তাদের কথা শোনা তাঁর দায়িত্ব। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার মাধ্যমেই একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব।
এ সময় তিনি যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। শিমুলিয়া ইউনিয়নের পাল্লা গ্রামের যুবকদের মধ্যে একটি ফুটবল ও নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও বিভিন্ন স্থানে স্থানীয় ক্রীড়া সংগঠন ও তরুণদের মাঝে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন, “যুব সমাজকে মাঠমুখী করতে পারলে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব ও সৌহার্দ্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
গণসংযোগে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম খান, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আইয়ুব হোসেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে স্বাগত জানান এবং এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অন্যান্য উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় তাঁর নজরে আনেন। গণসংযোগ শেষে স্থানীয়রা এমন জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

