
সাকিব হাসান নাইম
দিনাজপুরের ঘোড়াঘাটে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে দায়েরকৃত মামলার মনগড়া চার্জশিট প্রত্যাহার এবং প্রকৃত আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১ টার দিকে ঘোড়াঘাট থানা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বলেন, ঘোড়াঘাট থানায় বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা নং- ০৭ ও জি.আর. ১২৯/২৪ নং মামলার তদন্ত কর্মকর্তা এস.আই সাব্বির হোসেন ও ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে প্রকৃত আসামিদের বাদ দিয়েছেন। তারা মামলাটির চার্জশিট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে থানার ওসি, তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, পক্ষপাতিত্ব, মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তবে তারা বলেন, নিরপরাধ কাউকে হয়রানি নয়, বরং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার স্বার্থেই এ দাবি জানানো হচ্ছে। মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
এ বিষয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ বলেন, ঘোড়াঘাট থানার একটি মামলাকে কেন্দ্র করে কিছু অভিযোগ উঠেছে। তদন্তকারী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তদন্ত শেষে আইনানুগভাবে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনের বিষয়ে কারও আপত্তি থাকলে আদালতে নারাজি আবেদন করে পুনঃতদন্তের সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ তাঁর কাছে ভিত্তিহীন মনে হয়েছে। তবে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ সময় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব সজিব কবির, মামলার বাদী ছাত্রনেতা শহীদ শেখ প্রমুখ।

