
শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
অস্ত্রের মুখে চালক-হেলপারকে জিম্মি করে ঈশ্বরদীতে প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের ঝুটবোঝাই ২টি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাক ২টি ঝুটসহ উদ্ধার করতে সক্ষম হলেও ডাকাতচক্রের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বুধবার (২২ জুলাই)২০২৬ খ্রিষ্টাব্দ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কের পাশে বাবু মন্ডলের ওজন স্কেলে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পাকশীর যুক্তিতলা গ্রামের মরহুম জয়েন উদ্দিনের ছেলে জিয়াউল হাসান বিপ্লব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ৫ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা ১২-১৪ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে ঝুটবোঝাই ছয়টি ট্রাক বের করা হয়। বিকেলে পাকশীর দিয়াড় বাঘইলে ওজন স্কেলে ট্রাকগুলোর ওজন নেওয়ার সময় মোটরসাইকেলে করে ৮-১০ জনের একটি সশস্ত্র দল সেখানে পৌঁছে। তারা অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপার ও ওজন স্কেলের কর্মচারীদের জিম্মি করে মারধর করে এবং ঝুট বোঝাই ২টি ট্রাক ছিনিয়ে নেয়।
ডাকাতরা প্রথমে ট্রাক দুটি পাকশীর নতুন রূপপুর স্কুলসংলগ্ন একটি কড়ইগাছের নিচে কিছু সময় রাখে। পরে সেগুলো পাবনা শহরের বিসিক এলাকায় নিয়ে পুনরায় ওজন করিয়ে বাইপাস সড়ক সংলগ্ন গাছপাড়া এলাকায় নিয়ে যায়। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ রাতভর অভিযান চালিয়ে জিম্মি ট্রাকচালকদের উদ্ধার এবং ঝুটসহ ট্রাক দুটি নিজেদের হেফাজতে নেয়। পাবনা ডিবি পুলিশের ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, এ ঘটনাকে শুধু ছিনতাই বললে ভুল হবে। এটি পরিকল্পিত ডাকাতি। কারণ, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল এতে অংশ নেয়। অভিযানের আগেই তারা একটি প্রাইভেট কারে পালিয়ে যায়। তবে জড়িতদের নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঘটনার তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

