
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
ফরাসি উন্নয়ন সংস্থা (AFD)-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার বিকেলে কুলাউড়া পৌরসভা পরিদর্শন করেছে। সফরে প্রতিনিধিদল পৌরসভার উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি চলমান অবকাঠামো প্রকল্প সরেজমিনে ঘুরে দেখেন।
প্রতিনিধিদলে এএফডির প্রোগ্রাম টিম লিডার অমিত দত্ত রায়, এলজিইডির নগর পরিচালন ব্যবস্থা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুসতফা মুরসেদ উপস্থিত ছিলেন।
পৌরসভা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কুলাউড়া পৌরসভার উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা সম্প্রসারণ এবং চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধিদল উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশের পাশাপাশি টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পরে তারা পৌর এলাকার চলমান তিনটি ড্রেন নির্মাণ প্রকল্প পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশনা দেন।

