
মুহাম্মাদ রাকিবুল ইসলাম
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ইজিবাইক চালক মো. রবিউল ইসলাম (৪০) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ঘটনায় জনতার হাতে আটক হওয়া এক সন্দেহভাজনকে গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
নিহত রবিউল ইসলাম শাহারদ্দিনের ছেলে। তাঁর বাড়ি ফুলবাড়ী উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ফুলবাড়ী থেকে বিরামপুর যাওয়ার কথা বলে ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি রবিউল ইসলামের ইজিবাইকে ওঠে। পথিমধ্যে লক্ষ্মীপুর এলাকায় পৌঁছালে তারা চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই করে পলাশবাড়ীর দিকে পালিয়ে যায়।
পরে ভাদুরিয়া এলাকায় পৌঁছে ছিনতাইকারীরা পথ জানতে চাইলে এক সিএনজি চালকের সন্দেহ হয়। তিনি ইজিবাইকের ভেতরে রক্তের দাগ এবং এক যাত্রীর জামা-প্যান্টে রক্ত দেখতে পান। বিষয়টি তিনি হরিপাড়া এলাকার পরিচিত একজনকে জানালে স্থানীয় লোকজন দ্রুত ইজিবাইকটির গতিরোধের উদ্যোগ নেন।
রাত আনুমানিক ২টার দিকে হরিপাড়া এলাকায় জনতা ইজিবাইকটি আটকাতে সক্ষম হয়। এ সময় ২-৩ জন পালিয়ে গেলেও আকাশ আহম্মেদ (পিতা: শাহজান বাদশা, গ্রাম: চক শাহবাজপুর, থানা: ফুলবাড়ী, জেলা: দিনাজপুর) নামে একজনকে আটক করা হয়। পরে তাকে গণধোলাই দিয়ে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, আটক আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে গুরুতর আহত রবিউল ইসলামকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
ঘোড়াঘাট থানার এসআই মনিরুজ্জামান জানান, নিহতের বাড়ি ও ঘটনার স্থান ফুলবাড়ী থানার আওতায় হওয়ায় রাতেই আটক আকাশকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। পরে সকালে এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিঃদ্রঃ আটক ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আইনগতভাবে তিনি সন্দেহভাজন/আসামি হিসেবে বিবেচিত হবেন।

