
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মধ্য চাঁতলগাঁও এলাকায় পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৩০০ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো. জুনেদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি টহল দল মধ্য চাঁতলগাঁও এলাকায় সোলেমান হোসেনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তি মধ্য চাঁতলগাঁও এলাকার বাসিন্দা সোলেমান হোসেন (৫২)। পালিয়ে যাওয়া ব্যক্তি সুমন মিয়া (৩৫) বলে জানিয়েছে পুলিশ।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে সোলেমান হোসেনের দেহ তল্লাশি করে তার শার্টের পকেট থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার ৩০০ টাকা।
পুলিশের দাবি, গ্রেপ্তার ও পলাতক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয় যুবসমাজের মধ্যে মাদক সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় এসআই মো. জুনেদ আহমদ বাদী হয়ে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

