জননন্দিত জননেতা, আব্বাস আলী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং দৈনিক জনজাগরণ পত্রিকার সহ-সম্পাদক মোঃ আব্বাস আলীকে জড়িয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আব্বাস আলী ফাউন্ডেশন এবং দৈনিক জনজাগরণ পরিবার।
এক যৌথ বিবৃতিতে বলা হয়, মোঃ আব্বাস আলী দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি একজন কর্মীবান্ধব ও মানবিক ব্যক্তি হিসেবে সমাজে সুপরিচিত। তাঁর প্রতিষ্ঠিত আব্বাস আলী ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিত প্রায় এক হাজার অসহায় পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত দুই দিন আগে প্রকাশিত একটি ভিডিওতে কে বা কারা মোঃ আব্বাস আলীর নাম উল্লেখ করে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেছে, যার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয়। এ ধরনের ভিত্তিহীন বক্তব্য তাঁর ব্যক্তিগত সম্মান, সামাজিক অবস্থান এবং দীর্ঘদিনের জনসেবামূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা বলে মনে করছে আব্বাস আলী ফাউন্ডেশন ও দৈনিক জনজাগরণ পরিবার।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আব্বাস আলী ফাউন্ডেশন জানিয়েছে, ভবিষ্যতে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোঃ আব্বাস আলীর নাম ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর প্রচারণা চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।