
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু অধিকার নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) ভোগনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, উন্নয়নকর্মী, অভিভাবক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এডিপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ এডিপির প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার এবং প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা শিশুর শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও নিরাপদ ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। এ সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই। তারা বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ইয়াকুব আলী, ইউপি সদস্য মো. সাব্বির ইসলাম রয়েল, আশরাফুল ইসলাম, নিরঞ্জন রায় ও আমীর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য নূরনেসা বেগম ও রাধিকা রানি, কবিরাজ গার্লস স্কুলের সহকারী শিক্ষক মো. ইউনুস আলী, স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, উন্নয়নকর্মী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, আইন বাস্তবায়নে সহযোগিতা এবং শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

