
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরফ মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার ১০ জুলাই সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে নিজ বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
নিহত আশরফ মিয়া আকুয়া গ্রামের বাসিন্দা। তিনি তাজুদ মিয়া, মনসুর মিয়া ও সুজাত মিয়ার পিতা।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে আকস্মিক নদীভাঙনের আশঙ্কা ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতির অবনতি হলে আশরফ মিয়ার পরিবারের সদস্যরা দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যান। তবে বার্ধক্যজনিত কারণে তিনি ঘরেই থেকে যান। এরই মধ্যে বন্যার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বসতঘরে প্রবেশ করলে তিনি বের হতে না পেরে পানিবন্দি হয়ে পড়েন।
শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের ভেতরে বন্যার পানিতে তার ভাসমান মরদেহ দেখতে পান। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করেন।
টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যার পানিতে ডুবে আশরফ মিয়ার মৃত্যু3 হয়েছে।

