
মোহাম্মদ আলী ভূঁইয়া-নিকলী (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের নিকলী থানা হাজতের ভেতরে রুবেল হাওলাদার (২১) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ওই যুবক হাজতখানার ভেতরে নিজের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত রুবেল উপজেলার কারপাশা ইউনিয়নের সহরমুল গ্রামের (৩ নম্বর ওয়ার্ড) রাজা হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ, মাদকাসক্তি এবং বাবা রাজা হাওলাদারকে মারধরের অভিযোগে গতকাল সকাল পৌনে ১০টার দিকে রুবেলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সহকারী উপপরিদর্শক (এএসআই) আমজাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে থানায় নিয়ে আসে। এর আগেও বাবার দায়ের করা একটি মামলায় রুবেল তিন মাস কারাভোগ করেছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, থানায় নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই, সকাল আনুমানিক ১১টার দিকে থানা হাজতের ভেতরের কার্নিশের গ্রিলের সঙ্গে নিজের শার্ট দিয়ে গলায় ফাঁস দেন রুবেল। ঘটনার সময় থানার ডিউটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন এএসআই শেফালী। থানা হাজতের মতো সুরক্ষিত জায়গায় পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে স্থানীয় পর্যায়ে নানা গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, “আসামি রুবেলকে তাঁর বাবার ওপর হামলা ও মাদকাসক্তির অভিযোগে সকালে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছিল। তাঁকে হাজত কক্ষে রাখার পর হঠাৎ সুকৌশলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে।

